আলো ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। এ সময় তাদের অপর বন্ধু রানা মিয়া (১৭) গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাঈম খান (১৫) ও শাকিল খান (১৫)।
নাঈম খান ওই গ্রামের ফজলু খানের ছেলে ও শাকিল খান একই গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তারা তিনজন এবার উপজেলার মূলবাড়ি দারুস সন্নাহ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছিল। পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতে তিন বন্ধু মোটরসাইকেলে করে ছনখোলা বাজারের দিকে যাচ্ছিলো। পথে আজাদিয়া দাখিল মাদ্রাসার সামনে পৌঁছলে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শাকিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নাঈম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম জানান, লাশ থানায় আনা হয়নি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
কাজ করতে এসে দিনমজুরের মৃত্যু: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পেটের দায়ে কাজ করতে এসে মো. আকরাম আলী (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার সাগরদীঘি বাজারের চৌরাস্তা মোড়ে তার লাশ দেখতে পেয়ে পরিবারকে জানান স্থানীয়রা। মৃত আকরাম আলীর বাবার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাধাঁকানাই গ্রামে।
স্থানীয়রা জানান, ফুলবাড়িয়া উপজেলা থেকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দিনমজুরি কাজ করতে এসেছিলেন আকরাম আলী। তার শার্টের পকেটে থাকা বাড়ির মোবাইল নম্বরে যোগাযোগ করে পরিবারকে অবহিত করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সাগরদীঘি তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. দুলাল আকন্দ জানান, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষ করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
