আলো ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় পার্সেল প্রতারকচক্রের প্রধান বিপ্লব লস্করকে (৩৪) কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল শুক্রবার মিরপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ১২ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক শুনানি শেষে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পার্সেল প্রতারকচক্রের প্রধান বিপ্লব লস্করসহ ১১ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ২৮টি মোবাইল, একটি কম্পিউটার, ৪৯১টি এটিএম কার্ড, ২৬টি চেক বই, তিনটি ওয়্যারলেস পকেট রাউটার, একটি প্রাইভেটকার, সাড়ে তিন লাখ জাল টাকা, নগদ ১১ লাখ ৩৫ হাজার টাকা ও ২৬৩টি সিম কার্ড জব্দ করা হয়।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। গত ৬ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মিরপুর মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড শুনানির জন্য ৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন। গত ৭ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক শুনানি শেষে ১০ জনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
ওইদিন রিমান্ডে যাওয়া আসামিরা হলেন সুমন হোসেন ওরফে ইমরান (৩১), মোহসিন হোসেন ওরফে শাওন (৩০), ইমরান হাসান ওরফে ইকবাল (৩০), নাজমুল হক রনি (৩০), মোসা. নুসরাত জাহান (২৪)। এছাড়া নাইজেরিয়ান নাগরিক চিডি (৪০), ইমানুয়েল (২৬), জন (৩১), অ্যাঙ্গোলিয়ান নাগরিক উইলসন ডে কনসিকাউ (৩৫), ক্যামেরুনের নাগরিক গুলগ্নি পাপিনি (৩২। দুদিনের রিমান্ড শেষে ১০ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার বিপ্লবের বিরুদ্ধে মোহাম্মদপুর, খিলক্ষেত ও কাফরুল থানায় মানিলন্ডারিংয়ের মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাসহ দেশের বিভিন্ন থানায় শতাধিক মামলা রয়েছে। এ মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন।
