আলো ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগরে শিক্ষক কর্তৃক এক ছাত্রীকে যৌন হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন রাঢ়ীখাল ইউনিয়নের স্যার জগদিশ চন্দ্র বসু ইনিস্টিটিউশন কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় তারা কলেজের অধ্যক্ষ ফরহাদ আজিজ ও অভিযুক্ত শিক্ষক মো. মোশারফ হোসেনের অপসরণ দাবি করেন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রীনগর-দোহার সড়কে প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন সাবেক শিক্ষার্থীরা। এতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারাও অংশ নেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ৭১ ব্যাচের আবদুর রশিদ খান, ৭০ ব্যাচের কবি ঢালী আমিরুল ইসলাম, কলেজের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আহমেদ আলী ঢালী, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মো. রেজাউন হোসেন ঢালী, অভিভাবক তাইজুল ইসলাম সিকদার, ছাত্রী তানহা ইসলাম তনিমা প্রমুখ। এর আগে গত ১১ সেপ্টেম্বর সকালে একই দাবিতে প্রতিষ্ঠানটির বর্তমান শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন করেছিলেন।
