আলো ডেস্ক: নিখোঁজের একদিন পরে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ইছামতি নদী থেকে নিরব (১১) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল শুক্রবার সকালে উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা দক্ষিণপাড়া খেয়াঘাট থেকে স্কুলছাত্রটির লাশ উদ্ধার করা হয়। নিরব সদর উপজেলার একডালা দক্ষিণপাড়ার শ্রী নিমাই চন্দ্রের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
কাজিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মেহরুল ইসলাম বলেন, ইছামতী নদীর খেয়াঘাটে পরিত্যক্ত একটি নৌকা নিয়ে খেলা করার সময় বাঁশের সাঁকোর সাথে নৌকাটির ধাক্কা লাগলে নিরব নৌকা থেকে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা খোঁজাখুজি করে। না পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযান চালায়।
কিন্তু শিশুটিকে না পাওয়ায় রাজশাহীর ডুবুরি দলকে খবর দিলে তারা এসে গতকাল শুক্রবার সকালে ওই স্কুলছাত্রটির লাশ উদ্ধার করে। কাজিপুর ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, শিশুটির লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
