আলো ডেস্ক: বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের আমন্ত্রণে দেশটি সফরে গেছেন। তার সফরসঙ্গী হিসেবে গেছেন তিনজন। গত মঙ্গলবার সরকারি এ সফরে শেখ আবদুল হান্নান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
গতকল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান পেন্টাগনে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। এরপর তিনি ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র বিমানবাহিনী কর্তৃক আয়োজিত ‘ইন্টারন্যাশনাল এয়ার চিফ্স কনফারেন্স’-এ অংশ নেবেন।
ওই কনফারেন্সে প্রায় ৫০টি দেশের বিমান বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেবেন। কনফারেন্সে বিভিন্ন কর্মসূচির মধ্যে বৈশ্বিক বিষয়াবলী, কার্যকরী নেতৃত্ব দেওয়া, তথ্যপ্রযুক্তির যুগে অপারেশনাল কার্যক্রম পরিচালনা, সুস্থ সংস্কৃতি অনুসরণ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। পরে যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এয়ার শো পরিদর্শন করবেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
