আলো ডেস্ক: তামাক নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, তামাক ক্ষতিকর তা সন্দেহাতীতভাবে প্রমাণিত। সারাবিশ্ব তা জানে, নতুন করে কিছু বলার অবকাশ নেই। আমাদের সরকারপ্রধান একটি সাহসী ঘোষণা দিয়েছেন, তিনি ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত দেখতে চান। জাতির জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি।
গতকল বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর নেতৃত্বে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, নানা মহল থেকে বলা হচ্ছে, কেন সরকার বহুজাতিক তামাক কোম্পানি থেকে সরে আসছে না।
আমি বলবো, সরকারপ্রধান এ বিষয়ে অবগত এবং সে অনুসারে কাজ চলছে। কারণ তামাকের মতো ক্ষতিকর দ্রব্য থেকে রাজস্ব আহরণের বিষয়ে একটা অপরাধবোধ কাজ করে। তামাক নিয়ন্ত্রণ জনকল্যাণমূলক কাজ। এ উদ্যোগে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রতিনিধি দলের পক্ষে ড. অরূপরতন চৌধুরী বলেন, তামাক নিয়ন্ত্রণে সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন বাংলাদেশকে তামাকমুক্ত করার।
কিন্তু তামাক কোম্পানিতে সামান্য শেয়ার ও তাদের পরিচালনা পর্ষদে সরকারের প্রতিনিধিত্ব ধোঁয়াশা সৃষ্টি করছে, যা সরকারের জনস্বাস্থ্য উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণার বিপরীতে প্রতিবন্ধকতা। সরকারের এ অবস্থান থেকে সরে আসা প্রয়োজন। আলোচনা শেষে মানস প্রকাশিত তামাক নিয়ন্ত্রণ বিষয়ক ‘পলিসি ব্রিফ’ পরিকল্পনামন্ত্রীর হাতে তুলে দেন ড. অরূপরতন চৌধুরী।
এসময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক (তামাক নিয়ন্ত্রণ) সাগুফতা সুলতানা, মানসের প্রজেক্ট কো-অর্ডিনেটর সালমা পারভীন ও প্রজেক্ট কর্মকর্তা মো. আবু রায়হান, এইডের অ্যাডমিন কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।
