আলো ডেস্ক: সাবেক উপ-প্রধানমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত শাহ মোয়াজ্জেম হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। এরআগে ফুল দিয়ে কেন্দ্রীয় নেতারা শাহ মোয়াজ্জেমের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধিকার আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলনে বিশাল ভ‚মিকা রেখেছেন শাহ মোয়াজ্জেম।
আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার সেই আন্দোলন আমরা প্রত্যক্ষ করেছি। তিনি ছাত্রজীবন থেকেই সুবক্তা ছিলেন। মুক্তিযুদ্ধে তার ভ‚মিকা অপরিসীম। শাহ মোয়াজ্জেম হোসেন ভারতীয় সংসদে বাংলাদেশের পক্ষে যে বক্তব্যে রেখেছিলেন তা ঐতিহাসিক বলেও মন্তব্য করেন তিনি। জানাজায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আবুদস সালাম, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শামীমুর রহমান শামীম, তাইফুল ইসলাম টিপু, ইশরাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ২০ দলীয় জোটের ড. ফরিদুজ্জামান ফরহাদ, খন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত বুধবার রাত সাড়ে ৯টায় গুলশানের নিজ বাসায় মারা যান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক উপ-প্রধানমন্ত্রী, সাবেক মন্ত্রী এবং দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন। মরহুম শাহ মোয়াজ্জেম হোসেনের প্রথম নামাজে জানাজা সকাল সাড়ে ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাজা বাদ জোহর মুন্সিগঞ্জের শ্রীনগর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। জানাজা শেষে মরদেহের কফিনে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এরআগে শাহ মোয়াজ্জেমের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটোয়ারী। গার্ড অব অনার শেষে শাহ মোয়াজ্জেম হোসেনের দীর্ঘদিনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন তার সহকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন প্রমুখ। শাহ মোয়াজ্জেমের তৃতীয় ও শেষ নামাজে জানাজা বাদ এশা গুলশান আজাদ মসজিদে (সেন্ট্রাল মসজিদ) অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়। শাহ মোয়াজ্জেমের মৃত্যুতে শোক জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।
