আলো ডেস্ক: ফরিদপুর সার্কিট হাউজের একটি কক্ষ থেকে ভানু জমাদ্দার (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর গলায় রশি বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সার্কিট হাউজের পূর্বপাশের জবা-০৬ নম্বর কক্ষের দরজায় গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত ভানু জমাদ্দার শহরের হাবেলি গোপালপুর মহল্লার রেল কলোনির বাসিন্দা শংকর জমাদ্দারের ছেলে।
কোতোয়ালি থানার ওসি এম এ জলিল জানান, সার্কিট হাউজের একটি বিশ্রাম কক্ষের দরজার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে তিনি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারেন।
