আলো ডেস্ক: সিলেট নগরের পাঠানটুলায় একটি আবাসিক হোটেলের দুটি কক্ষে আটকে রেখে দুই তরুণীকে রাতভর গণধর্ষণের অভিযোগে করা মামলায় স্নেহা বিউটি পার্লারের নারীকর্মী তানজিনা আক্তার তানিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আসামিদের সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরের শিবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ এর একটি দল। গতকাল বুধবার সকালে তানিয়াকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তর করে র্যাব। এতথ্য নিশ্চিত করে জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) খালেদ মামুন জানান, তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
তানিয়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়সিদ্দি গ্রামের মো. দবির মিয়ার মেয়ে। তিনি সিলেট নগরের শাহজালাল উপশহরে বসবাস করেন। ওই এলাকার স্নেহা বিউটি পার্লারের একজন কর্মী তিনি। সিলেটের চাঞ্চল্যকর ওই ধর্ষণ মামলার আরেক আসামি মোহাইমিন রহমান রাহিকে (৩২) গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার রাহি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নগর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। গত ২৩ আগস্ট দিবাগত রাতে নগরের পাঠানটুলার জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী গ্রিন হিল আবাসিক হোটেলের দুটি কক্ষে দুই তরুণীকে আটকে রেখে রাতভর পালাক্রমে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিকটিম দুই তরুণী সিলেটের জালালাবাদ থানায় পৃথক মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, সিলেটের বালাগঞ্জ উপজেলার এক তরুণী (১৮) কয়েক মাস আগে আইএলটিএস পড়ার জন্য সিলেট মহানগরীতে আসেন। পরে নাট্যশিল্পী আরেক তরুণীর (২৫) সঙ্গে শাহজালাল উপশহরের একটি বাসায় থাকতে শুরু করেন। উপশহর এলাকায় থাকার সুবাদে ওই এলাকার স্নেহা বিউটি পার্লারের কর্মী তানজিনা আক্তার তানিয়ার (২৫) সঙ্গে তার পরিচয় হয়। তিনি শাহজালাল উপশহরের এইচ ব্লকের ৪ নম্বর রোডের আলী ভিলার পাঁচতলা বাসায় ভাড়া থাকেন। পরিচয়ের একপর্যায়ে তানিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সিলেটে আইএলটিএস করতে আসা তরুণীর। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুবাদে গত ২৩ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে তানিয়া ফোন করে ওই তরুণীকে বলেন, তার ভাইয়ের জন্য এবি পজিটিভ রক্ত প্রয়োজন। ওই তরুণীর রক্তের গ্রুপ এবি পজিটিভ হওয়ায় তিনি যেন এক ব্যাগ রক্ত দেওয়ার জন্য রাগীব-রাবেয়া হাসপাতালে যান। ফোন পেয়ে ওই তরুণী তার বন্ধবীকে (২৫) নিয়ে রাগীব-রাবেয়া হাসপাতালের সামনে যান। সেখানে গিয়ে তানিয়াকে দেখতে পেয়ে রক্ত দেওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি ওই দুই তরুণীকে জানান, রক্ত দেওয়ার আগে তার এক কাজিনের বাসায় একটু প্রয়োজন আছে।
প্রয়োজন শেষ করে তারা হাসপাতালে যাবেন। এ কথা বলে কৌশলে ওই দুই তরুণীকে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী গ্রিন হিল আবাসিক হোটেলের চারতলায় নিয়ে যান তানিয়া। পরে তাদের দুজনকে আলাদা আলাদা কক্ষে বসিয়ে রাখেন। এ সময় তানিয়ার সহযোগী কয়েকজন তরুণ ও যুবক এসে ওই দুই তরুণীকে আটকে রাখেন এবং রাত সাড়ে ১১টা থেকে একে একে ১০-১২ জন যুবক তাদের দুজনকে পালাক্রমে ধর্ষণ করেন। এ ছাড়া ভিকটিম এক তরুণীর (১৮) কাছ থেকে তার মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে যান তানিয়া ও ধর্ষকরা। পরদিন (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে ভিকটিম দুই তরুণীকে এক কক্ষে নিয়ে তাদের কাছ থেকে ‘ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি’ এ মর্মে স্বীকারোক্তি নেওয়া হয় এবং এ কথাগুলো মোবাইল ফোনে ভিডিও করে তাদের ছেড়ে দেন তানিয়া ও তার সহযোগীরা।
ঘটনার পর দুই ভিকটিম তরুণী জালালাবাদ থানায় পৃথক মামলা করেন। মামলার আসমিরা হলেন- শাহজালাল উপশহর এলাকার স্নেহা বিউটি পার্লারের কর্মী তানজিনা আক্তার তানিয়া (২৫), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নগর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে মোহাইমিন রহমান রাহি (৩৩), সুনামগঞ্জের ছাতক থানার গোবিগন্দগঞ্জ গ্রামের মৃত তহুর আলীর ছেলে জুবেল (৩১), সিলেট নগরের পাঠানটুলা এলাকার আলী আকবরের ছেলে রানা আহমদ শিপলু ওরফে শিবলু (৩৫), সুনামগঞ্জ সদর থানার হরিনাপাট গ্রামের ফরহাদ রাজা চৌধুরীর ছেলে নাবিল রাজা চৌধুরী (৩৫) ও সুজনসহ (৩৫) অজ্ঞাত আরও ৫-৬ জন।
