আলো ডেস্ক: ভোটকক্ষে অনুপ্রবেশের ঘটনায় পাঁচজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে। গতকাল রোববার ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে এই ঘটনা ঘটে। ওই ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করায় অনুপ্রবেশকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন (ইসি)।
ইসি’র আইডিইএ প্রকল্পের ডিপিডি কমিউনিকেশন স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, ঝিনাইদহ পৌরসভা নির্বাচন মনিটরিংয়ের জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়। নির্বাচন কমিশনের পঞ্চম তলায় এই কন্ট্রোল রুমে সকাল ৮টা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন মনিটরিং করা হয়।
জানা যায়, ঝিনাইদহ পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোটকেন্দ্রের সংখ্যা ৪৭টি। আর ভোটকক্ষ ২৬৫টি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ৩৬৫টি সিসি ক্যামেরার মাধ্যমে এই নির্বাচন পর্যবেক্ষণ করা হয়। অনুপ্রবেশ ছাড়া নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এর আগে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের সবগুলো ভোটকক্ষে সিসি ক্যামেরা ব্যবহার করা হয়েছিল।
