আলো ডেস্ক: প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের দৃশ্যমান কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলগীর। গতকাল শুক্রবার সকালে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পরে প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের কি অর্জন হয়েছে জানতে চাইলে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশের অর্জন এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পারছি যে ৫৩ কিউসেক পানি কু্শয়িারা নদীর।
এ ছাড়া এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো অর্জন দেখতে পাইনি। যেটা দেখতে পারছি- ভারতের থেকে ৫শ’ মিলিয়ন ডলারের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে যানবাহন কেনার জন্য। আর বলা হয়েছে- সীমান্তে হত্যা জিরোতে আনা হবে। যেদিন এ কথা বলা হয়েছে সেদিনই দিনাজপুরের সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে আর দুই জন নিখোঁজ। এটা হচ্ছে প্রাপ্তি। আমাদের দৃশ্যমান প্রাপ্তি এগুলো। বিএনপি বলেন, আমরা আগেও বলেছি যে সরকার মরিয়া হয়ে উঠেছে।
আপনাদের নিশ্চয়ই মনে আছে এ সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে- তিনি ভারতীয় নেতাদের কাছে অনুরোধ করেছেন আওয়ামী লীগ সরকারকে যেকোনো উপায়ে টিকিয়ে রাখার জন্য তারা যেন ব্যবস্থা নেয়। আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি- যে সমস্ত দেশ গণতান্ত্রিক তারা সবসময় সারা বিশ্বে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত কোর জন্য তাদের ভূমিকা অক্ষুন্ন রাখবে। ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ, গণতান্ত্রিক দেশ। আমরা এটাও বিশ্বাস করি ভারতও তাদের গণতান্ত্রিক যে চরিত্র সেই চরিত্রকে অক্ষুন্ন রাখবে। রানি দ্বিতীয় এলিজাবেথ সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, তিনি ছিলেন একজন কিংবদন্তী।
তার জীবনাবসানে শোক প্রকাশ করেছে বিএনপি। ফখরুল বলেন, আমরা অত্যন্ত গভীরভাবে শোকহত। আমরা মনে করি যে, তিনি একজন কিংবদন্তীর রানি ছিলেন। অর্থাত রয়্যাল প্রশাসক হিসেবে ছিলেন বৃটেনে। তার দীর্ঘ কালের একটা ঐতিহ্য আজকে চলে গেলো, প্রায় ৭০ বছরের রাজত্ব চলে গেলো। রানির শাসনামলে গণতন্ত্র সুরক্ষায় তার অবদানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রানি এলিজাবেথের এ দীর্ঘ রাজত্বের মধ্যে আমরা দেখেছি যে, গণতন্ত্রের যে বিকাশ, গণতন্ত্রের যে রক্ষণা-বেক্ষণ, গণতন্ত্রকে যে সুরক্ষা করা যায় তার শাসনামালে বৃটেনে সেটা আমরা দেখেছি।
তার ছায়াও পৃথিবী রাজনৈতিক-গণতান্ত্রিক বিশ্ব পরিমন্ডল সেখানে ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্রসাদে ৯৬ বছর বয়সের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয় বলে বার্কিংহাম প্রাসাদ থেকে জানানো হয়। এ মৃত্যুর মধ্য দিয়ে ৭০ বছরের অধ্যায়ের যবনিকাপাত ঘটল। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় সংগঠনটির সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতেও অংশ নেন তিনি। এ সময় মহিলা দলের হেলেন জেরিন খান, নাজমুননাহার বেবী, নেওয়াজ হালিমা আরলী, চৌধুরী নায়াব ইউসুফ প্রমূখ উপস্থিত ছিলেন।
