আলো ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশে আর কখনো তত্ত¡াবধায়ক সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী নির্বাচন ইভিএম না ব্যালেটে হবে তা ঠিক করবে নির্বাচন কমিশনার।
তিনি আরো বলেন, বিএনপি ২০১৩-১৪ সালে জ্বালাও পোড়াও আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। সম্মেলনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, নওগাঁ জেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল শুক্রবার দুপুরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা চত্বর পুকুরে মাছের পোনা ছাড়েন মন্ত্রী। এসময় দেশি মাছের ঐতিহ্য ফেরাতে বিশেষ নজর দিতে বলেন সাধন চন্দ্র মজুমদার। এ সময় ২০২২-২৩ অর্থবছরের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্প ও উপজেলা চত্বর পুকুরে ৩৩৫ কেজি মাছের পোনা ছাড়া হয়।
মন্ত্রী বলেন, মৎস্য আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ আমাদের সবাইকে রক্ষা করতে হবে। পাশাপাশি সবার মধ্যে মাছ চাষের আগ্রহ বাড়াতে হবে। বর্তমানে অনেক তরুণ চাষি লেখাপড়া শেষে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছে। তারা লাভবানও হচ্ছে বেশি। বাংলাদেশ এখন সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। আমরা বিশ্বাস করি, মৎস্য উৎপাদনের দিক দিয়েও আমরা স্বয়ংসম্পূর্ণ হবো।
খাল বিলে এবং নদ-নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধ করতে হবে। এবং দেশি মাছের ঐতিহ্য ফেরাতে হবে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ান, উপজেলা চেয়ারম্যান শেখ ফরিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ প্রকল্পের আওতায় মোট ১০টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হবে।
