আলো ডেস্ক: পাইলট প্রকল্পের পর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিকে অনলাইনে শিক্ষক বদলি শুরু হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এই তথ্য বলে জানিয়েছেন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে গতকাল বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকের শিক্ষক বদলি আগামী ১৫-২০ তারিখের মধ্যে শুরু করব। এটা অনলাইনে শুরু করা হবে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে শিক্ষক বদলি চালু করব। এটা চালু না করলে আমরা সঠিক সংখ্যায় যেতে পারব না।
পাইলটের রেজাল্টও ভালো। পাইল প্রকল্পের ছোটখাট ভুলগুলো আমরা সমাধান করেছি। বদলি কোন প্রক্রিয়ায় হবে- জানতে চাইলে তিনি বলেন, এটা শুধু মহানগরে থাকছে না। প্রথমত আন্তঃউপজেলা, এরপর উপজেলার বাইরে। কারণ অপশন দেওয়া আছে যে, তার স্বামীর কর্মস্থল। নীতিমালা অনুযায়ী সফটওয়্যারে অপশন দেওয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে বদলি শুরু হয় গত ২৭ জুলাই। ওই দিন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সচিবালয় থেকে পাইলটিং কার্যক্রম হিসেবে গাজীপুরের কালিকৈর উপজেলার বদলি কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর ২৯ জুন ওই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির পাইলটিং কার্যক্রম শুরু হয়।
গত ১৫ জুলাই পর্যন্ত ২৩ জন আবেদন করেন। তাদের মধ্যে ১৭ জনের আবেদন গ্রহণ করে ইতোমধ্যে বদলি করা হয়েছে। তিনি আরও জানান, আমরা শুধু প্রাথমিক শিক্ষক নয়, আমরা সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার পর্যায়ের কর্মকর্তাদের অনলাইনে বদলি খুব শিগগিরই চালু করছি। কারণ এটা দরকার। অনেকে এক জায়গায় অনেক বছর ধরে আছেন। ফলে সেখানে স্কুল তদারকি, পরিদর্শেনে অনেক রকম। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান জানান ছাত্র ও শিক্ষক সংখ্যায় ভারসাম্যহীনতা, দূরত্ব, সিফট ইত্যাদি বিবেচনায় কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয় একীভ‚ত করা হবে।
অনেক স্কুল আছে যেখানে অবকাঠামো এবং শিক্ষকও আছে কিন্তু শিক্ষার্থী অনেক কম- এ বিষয়ে সিনিয়র সচিব বলেন, ছাত্র কম শিক্ষক বেশি, শিক্ষক কম ছাত্র বেশি- এরকম ভারসম্যহীনতা কোথাও কোথাও রয়েছে। আমরা আমাদের পরিসংখ্যানে সেটা দেখছি। আমরা স্কুলভিত্তিক হিসেব করছি। সেক্ষেত্রে শিক্ষার্থী বেশি সেখানে সিফট চালু করতে হচ্ছে, সিফট মার্জ (একীভূত) করে দিয়েছি। এখন সেই স্কুলগুলোতে সিফট নেই। আমিনুল ইসলাম খান বলেন, এখন আমরা আবার ভাবছি- স্কুল মার্জ। নিকটবর্তী স্কুলে যদি মার্জ করি তাহলে ছাত্রদের শিখন ঘণ্টাও বেশি হবে। যেখানে দুই সিফট সেখানে শিখন ঘণ্টা কম। আমরা মোট পরিসংখ্যানের ওপরে কাজ করছি যে ছাত্র সংখ্যা ও শিক্ষক সংখ্যা এবং সংযুক্ত (অ্যাটাচ) থাকা শিক্ষক সংখ্যা। নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে শূন্য পদ চিহ্নিত করতে হবে।
কোন স্কুলে ছাত্রের বিপরীতে কতজন শিক্ষক আছেন। কারণ আমরা অনুমানভিত্তিক নিয়োগ দিতে পারি না। সেই কাজ আমরা শুরু করেছি। সিনিয়র সচিব জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে শিক্ষক বদলি চালু করব। এটা চালু না হলে আমরা সঠিক সংখ্যায়ও যেতে পারব না। এই সংখ্যা কত তা এখনই জানা যাচ্ছে না। কোন পদ্ধতিতে মার্জ (একীভূত) হবে- জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, ভৌগোলিক দূরত্বসহ সব বিবেচনা করা হবে। গাইবান্ধায় চরে অনলাইনে একটি স্কুলে কথা বলেছেন জানিয়ে তিনি বলেন, সেখানে ৪০-৫০ জন শিক্ষার্থী নিয়ে চলছে। আবার পার্বত্য অঞ্চলে দূরত্ব কম হতে পারে কিন্তু হাঁটার দূরত্ব অনেক বেশি। সেজন্য আমরা ভৌগোলিক দূরত্ব, হাওর, চর, বিল, ছাত্র সংখ্যা (যেখানে ছাত্র সংখ্যা বেশি সেখানে আরেক বিষয়) সমস্ত কিছু বিবেচনা করে আগামী ৫-৬ সপ্তাহের মধ্যে হয়তো প্রাথমিক সিদ্ধান্ত নিতে পারব।
