আলো ডেস্ক: নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে নিজেদের অভিজ্ঞতা জানাতে চেয়ে একটি চিঠি পাঠিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। গত রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে এ চিঠি পাঠায় সুজন। সিইসিকে দেওয়া চিঠিতে সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদার সই করেছেন। চিঠিতে বলা হয়, গত ২৮ আগস্ট জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে ইভিএমের দুর্বলতার বিষয় জনগণের সামনে সুজন-এর পক্ষ থেকে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি।
এ বিষয়ে অতীতেও আমাদের আশঙ্কার কথা একাধিকবার বক্তব্যের মাধ্যমে ও লিখিতভাবে তুলে ধরেছি, যা সম্পর্কে আমরা কমিশনের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। তবে আমাদের সাম্প্রতিক সাংবাদ ব্রিফিংয়ের পর আপনার (সিইসি) একজন সহকর্মী আমাদেরকে ইভিএম ব্যবহার করে যে কারচুপি করা যায় তা প্রমাণ করার চ্যালেঞ্জ জানিয়েছেন। আপনার আরেকজন সহকর্মী আমাদের কমিশনে এসে প্রমাণ উপস্থাপন করতে আহŸান জানিয়েছেন। কমিশনারদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, বর্তমান ইভিএম দিয়ে যে প্রশ্নাতীতভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যাবে তা প্রমাণের দায়িত্ব কমিশনের, অন্য কারও নয়।
আর যেহেতু অন্য কারও কাছে ইভিএম এবং এর সোর্সকোড নেই, তাই তাদের পক্ষে ইভিএম দিয়ে কারচুপির প্রমাণ উত্থাপন করাও অসম্ভব। চিঠিতে সুজন জানায়, এছাড়াও আমরা আমাদের সংবাদ ব্রিফিংয়ে আশঙ্কা প্রকাশ করেছি যে, বর্তমান ইভিএমের মাধ্যমে নির্বাচন কমিশন তার অধীনস্থ কর্মকর্তা, কারিগরি টিম ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের পক্ষে নির্বচনী ফলাফলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রভাবিত করা সম্ভব। অর্থাৎ এ ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং ইভিএমের ওপর আস্থাহীনতাই সর্বাধিক বড় সমস্যা, যা দূর করার সম্পূর্ণ দায়িত্ব কমিশনের, আমাদের নয়।
আপনার সহকর্মী আমাদেরকে নির্বাচন কমিশনে এসে আমাদের বক্তব্য উপস্থাপনের আহবান জানিয়েছেন, যাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে এটি অপ্রয়োজনীয়, কারণ আমরা সংবাদ মাধ্যমে লিখিতভাবে যা উত্থাপন করেছি। চিঠিতে সিইসিকে আরও বলা হয়, আপনি আরও অবগত আছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশনের সঙ্গে নির্বাচন বিষয়ে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ারের জন্য আমরা অত্যন্ত আগ্রহী।
এ মর্মে গত ১৮ মার্চ আপনাকে এক খুদে বার্তায় লিখেছিলাম, কিন্তু আজও আমরা কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাইনি এবং কমিশনের সামনে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। যদিও ইভিএম আমাদের কাছে নেই এবং এর সোর্স কোড আমাদের দেওয়া হয়নি। যন্ত্রটি নিয়ে বর্তমানে আমাদের আর তেমন কিছু বলার না থাকলেও নির্বাচন বিষয়ে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আমরা কমিশনের সঙ্গে শেয়ার করতে উদগ্রীব। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
