আলো ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারত সফরে যাননি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। অসুস্থতার কারণে তিনি ভারত সফরে যাননি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। গতকাল সোমবার সকালে চারদিনের সফরে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১০টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
সাধারণত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে সফরসঙ্গী হন পররাষ্ট্রমন্ত্রী। জানা গেছে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি দুপুর ১২টার পর (বাংলাদেশ সময়) নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছায়। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান অভ্যর্থনা জানান।
সম্প্রতি বাংলাদেশে ক্ষমতাসীন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করেছেন বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তার এই বক্তব্য চারদিকে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়, অস্বস্তিতে পড়েন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।
