আলো ডেস্ক: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবে কি না তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তবে গণতান্ত্রিক সমাজ চাইলে, সচেতন মানুষ চাইলে, দায়িত্বশীল সুনাগরিক বিশ্ব নাগরিক গড়তে চাইলে, রাজনৈতিক সচেতনতার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও প্রশ্নফাঁসমুক্ত সম্পন্ন করতে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো ছাত্র সংগঠনের কমিটি গঠন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর মত জানতে চাইলে তিনি বলেন, রাজনীতি করা মানুষের মৌলিক অধিকারের একটি অংশ।
এখন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কী নিয়মকানুন করলো, রাজনৈতিক দলগুলো কী ব্যবস্থা নিলো সেটি শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের বিষয়। সেটি শিক্ষা মন্ত্রণালয় ঠিক করে না। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় হস্তক্ষেপও করে না। শিক্ষামন্ত্রী বলেন, অনেকে হয়তো অনেক রকম কথা বলবেন। অনেক মত আছে। কেউ বলেন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ করা উচিত।
কেউ বলেন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক চর্চা থাকা উচিত। শুরু থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভেতরে সরাসরি রাজনৈতিক ছাত্র সংগঠনের কার্যক্রম হয় না। সম্প্রতি ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করেছে।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে নানা আলোচনা-সমালোচনা চলছে। অনেক অভিভাবক উদ্বেগ প্রকাশ করে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাচ্ছেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে যাতে সরাসরি ছাত্র সংগঠনের কার্যক্রম পরিচালিত না হয় সে জন্য একাধিক বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়েছে।
