সাজ্জাদুল তুহিন, নওগাঁ-
নওগাঁর রাণীনগরে এক রাতে ধান সেচের মাঠ থেকে কৃষকের ছয়টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। রাতে উপজেলার ভাটকৈ উত্তর মাঠ থেকে এই চুরির ঘটনা ঘটে। উপজেলার ভাটকৈ গ্রামের কৃষক দিপক চন্দ্র জানান, অনাবৃষ্টির কারণে আমন ধানের জমিতে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিচ্ছিলেন কৃষকরা। হঠাৎ করেই বৃহস্পতিবার রাতে তার একটি মেশিনসহ ওই গ্রামের কৃষক নারায়ণ চন্দ্রের একটি, নিরেন চন্দ্রের একটি, চাঁন মিয়ার একটি, ওহিদুর রহমানের একটি এবং আহাদ আলীর একটি শ্যালো মেশিন চুরি হয়ে যায়।
শুক্রবার সকালে মাঠে গিয়ে তারা দেখতে পান চোরেরা মেশিনগুলো চুরি করে নিয়ে গেছে। তিনি বলেন, এমনিতেই জালানি তেল, সারের মূল্যবৃদ্ধি এবং অনাবৃষ্টির কারণে চলতি আমন আবাদে সেচ দিয়ে আবাদ করতে হচ্ছে। এতে কৃষকের অনেক বেশি খরচ হচ্ছে। এর মধ্যে হঠাৎ করেই চোরেরা মেশিনগুলো চুরি করে নিয়ে যাওয়ায় জমিতে পানি সেচ নিয়ে বিপাকে পরেছেন।
তিনি আরও বলেন, সারাদিন বা রাতে মেশিন দিয়ে জমিতে পানি সেচ দিয়ে যে যার মতো বাড়িতে চলে আসেন। রাতে কোন পাহারাদার থাকে না। আর এই সুযোগে চোরেরা মেশিনগুলো চুরি করে নিয়ে যায়।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, চুরির ঘটনা শুনেছি। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। তার পরেও বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
