আলো ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানো চার রোহিঙ্গা নাগরিককে পার্শ্ববর্তী সুবর্ণচর উপজেলা থেকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনগণ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের জনতা বাজার ও চরজুবলী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটক চারজন হলেন-ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮০ নম্বর ক্লাস্টারের গুলবাহার (৫০), মো. খায়রুল আমিন (২৪), মো. ফারুক (২৬) ও মো. তুষার (৩০)। স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সকালে চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার এলাকায় এক নারী ও দুই যুবক ঘোরাফেরা করছিলেন। তাদের দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা।
এ সময় তারা স্বীকার করেন যে তারা রোহিঙ্গা নাগরিক। দুপুরের দিকে তাদের চরজব্বর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। অপরদিকে এক রোহিঙ্গা নাগরিককে উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে আটক করেন স্থানীয় লোকজন।
চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার ভোরে তারা ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য দালালের মাধ্যমে সুবর্ণচর উপজেলায় এসেছিলেন।
খবর পেয়ে তাদের আটক করা হয়। দুপুর ১টার দিকে তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।
