আলো ডেস্ক: চা শ্রমিকদের সঙ্গে আজ শনিবার বিকেলে মৌলভীবাজারের পাত্রখোলা চা বাগানসহ আরো ৩টি স্থানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য চা বাগানে প্রজেক্টরেরে মাধ্যমে পুরো ভিডিও কনফারেন্সটি দেখানো হবে।
এ নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স প্রোগ্রাম সম্পর্কিত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান।
উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকরিয়া, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ও কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। এছাড়াও চা বাগান কর্তৃপক্ষ, চা শ্রমিক নেতাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকের পর শ্রমিকদের নূন্যতম মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করা হয়। চা শ্রমিকরা দৈনিক মজুরি ১২০টাকা থেকে বাড়িয়ে ৩০০টাকা করার দাবিতে সারাদেশে ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন।
এরপর প্রধানমন্ত্রী ২৭ আগস্ট, শনিবার গণভবনে চা বাগান মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা ঘোষণা দেন। মজুরি বাড়ানো ঘোষণার পরদিন ২৮ আগস্ট, রোববার সাপ্তাহিক ছুটি থাকায় কয়েকটি চা বাগান এবং ২৯ আগস্ট, সোমবার সকাল থেকে চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দেন।
