আলো ডেস্ক: বগুড়ার সদর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত শহরের কালিতলা হাটে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে উপজেলা প্রশাসন।
বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে শহরের কালিতলা হাটে পৌর বিএনপির ১ ও ৩ নম্বর ওয়ার্ড প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। একই সময় ওই স্থানে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
এ নিয়ে দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করায় ১৪৪ ধারা জারি করা হয়। ওই এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ রাখতেই দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, সহিংসতা এড়াতে ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।
