আলো ডেস্ক: নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শহরের বঙ্গবন্ধু সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘর্ষে ছাত্রদলের দুই নেতার মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমীর ইসলামসহ অনেকে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেলগেট, মন্ডলপাড়া এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে পুলিশ সদস্য, সাংবাদিক, বিএনপি, ছাত্রদল ও যুবদলের শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
নিহতরা হলেন সরকারি তোলারাম কলেজের ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফারুক খান সুজন ও ফতুল্লার এনায়েতনগরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা শাওন। পুলিশের টিয়ার শেলে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মর্গ্যান স্কুলের ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি বলেন, আমাদের এনায়েতনগর ৩ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা শাওন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমাদের জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিব রাজসহ দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক। তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র্যালিতে বিনা উস্কানিতে পুলিশ বাধা দিয়েছে ও গুলি চালিয়েছে। অথচ আমরা অনুমতি নিয়েই কর্মসূচি করছিলাম।
বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের খবরের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান বলেন, ঘটনার বিস্তারিত পরে জানাব। এদিকে বিএনপি-পুলিশের সংঘর্ষে পুলিশের ছোঁড়া টিয়ারশেলের ধোঁয়ায় আহত হয়েছেন নগরীর মর্গান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ১০-১২ জন শিক্ষার্থী। এদের মধ্যে গুরুতর আহত ৪-৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলের পাশেই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় আমরা শিক্ষার্থীদের ক্লাসরুমে ঢুকিয়ে ফেলি।
কিন্তু শ্রেণিকক্ষের বাইরে ছিল এমন ১০-২০ শিক্ষার্থী আহত হয়েছে। টিয়ারশেলের ধোঁয়ায় তাদের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে ৪-৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনায় আরও আটজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- মো. বাদল ভূইয়া (৩৫), নাবির হোসেন নবীন (৩০), মো. রাসেল প্রধান (৩০), মো. জুয়েল আরমান (৪০), মো. ফারুক হোসেন (৩০), মো. আকিব (২২), মো. সুলতান মাহমুদ (২৫) ও মো. আলিব (২৫)। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার পর এ ঘটনা ঘটে।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক মো. গোলাম ফারুক খোকন জানান, গতকাল বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। এ উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাব থেকে যুবদলের একটি মিছিল বের করি। মিছিল নিয়ে সামনের দিকে যাওয়া মাত্রই পুলিশ আমাদের উপর গুলি করে। গুলিবিদ্ধ হয়ে শাওন নামে আমাদের এক কর্মী নিহত হয়েছে। এ ছাড়া গুলিবিদ্ধ আটজনকে হাসপাতালে আনা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়াও বিষয়টি নিশ্চিত করেছেন।
