আলো ডেস্ক: নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের ১৮ জন কর্মকর্তা-কর্মরচারীর মধ্যে ১৬ জনকে একসঙ্গে বদলি করা হয়েছে। গতকাল বুধবার বদলিকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমীন একথা নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বদলি সংক্রান্ত আদেশের কপি পান তিনি।
বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ-ঢাকা, কার্যালয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান স্বাক্ষরিত একটি বদলির আদেশ জারি করা হয়। ওই আদেশে বুড়িমারী স্থলবন্দর থেকে সহকারী পরিচালক (ট্রাফিক) রুহুল আমীন, ট্রাফিক পরিদর্শক জাহীদুর রহমান, হিসাবরক্ষক আদনান খালিদ বসুনিয়া ও ক্যাশিয়ার ভ্রমর কুমার সরকারকে কুড়িগ্রাম জেলার সোনাহাট স্থলবন্দরে বদলি করা হয়। ট্রাফিক পরিদর্শক সালাউদ্দিনকে ফেনী জেলার পরশুরাম বিলোনিয়া স্থলবন্দরে, ট্রাফিক পরিদর্শক শাহিন মাহমুদ ও আমিনুল হককে ময়মনসিংহ জেলার গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দরে, ওয়্যার হাউজ সুপারিনটেনডেন্ট মানিকুর রহমানকে ফেনী জেলার বিলোনিয়া স্থলবন্দরে, একই পদের মিনহাজ উদ্দিন, হারুন অর রশিদ, আবুল বাসার ও কম্পিউটার অপারেটর হাসমত উল্লাহকে যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে বদলি করা হয়েছে।
এছাড়া ওয়্যার হাউজ সুপারিনটেনডেন্ট মাছুদ রানাকে দিনাজপুর জেলার হিলি স্থলবন্দরে, একই পদের ফিদা হাসানকে পঞ্চগড় জেলায় ও এস.এম মাসুম বিল্লাহকে খাগড়াছড়ি জেলার রামগড় স্থলবন্দরে এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সেলিম রেজাকে শেরপুর জেলার নাকুগাঁও স্থলবন্দরে বদলি করা হয়। আদেশে বদলিকৃত কর্মকর্তাদের ৩১ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। একই তারিখে উল্লিখিত স্থলবন্দরগুলো থেকে পদায়নকরা ১১ কর্মকর্তা-কর্মচারীকে বুড়িমারী স্থলবন্দরে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ড এফ এজেন্ট, শ্রমিক, আমদানিকারক ও বন্দর ব্যবহারকারীদের নাম উল্লেখ করে বুড়িমারী স্থলবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের নানা অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির একটি লিখিত অভিযোগ এ বছরে দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছিলো। অভিযোগে বলা হয়েছিলো, অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীরা ভারতীয় ট্রাক থেকে ওজন স্টেশনে অবৈধভাবে টাকা আদায়, খাদ্যশস্যের ট্রাক থেকে টাকা গ্রহণ, বিল শাখায় জালিয়াতি করে সরকারি রাজস্ব আত্মসাৎ, আগত পণ্যবাহী গাড়ি ও ওজনের গাড়ির গড়মিল, রাত্রিকালীন ট্রাক চার্জ জমা না দিয়ে আত্মসাৎ, ১ থেকে ২ দিনের ছুটি নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে না থাকা, ভুয়া চালান করা, ওজন স্কেলে পণ্যের ওজন কম দেখিয়ে টাকা আদায়, বহিরাগতদের নিয়ে কর্মস্থলে আড্ডা দেওয়াসহ নানা অপকর্মে যুক্ত ছিলেন।
এসব করে তারা কোটি কোটি টাকার সরকারি রাজস্ব লুটে নিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ড এফ এজেন্ট, শ্রমিক, আমদানিকারক ও বন্দর ব্যবহারকারীদের নাম উল্লেখ করে দেওয়া অভিযোগে তাদের সই না থাকলেও দুর্নীতি দমন কমিশন বিভিন্নভাবে এ অভিযোগের বিষয়ে খোঁজ-খবর নেয়। গত ৭ আগস্ট অভিযোগের কপি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠায় দুর্নীতি দমন কমিশন। স্থলবন্দর কর্তৃপক্ষ ১৪ আগস্ট অভিযোগের কপি হাতে পেয়ে ১৬ আগস্ট অভিযোগ আমলে নেয়। এর১১ দিনের মাথায় এ বদলির আদেশ দেয় স্থলবন্দর কর্তৃপক্ষ।
এ বিষয়ে বুড়িমারী স্থল বন্দরের ব্যবসায়ীরা বলেন, যারা বদলি হয়েছেন তারা দীর্ঘদিন থেকে বুড়িমারী স্থলবন্দরে চাকরি করছিলেন। অর্থের বিনিমেয়ে কর্মকর্তা-কর্মচারীরা বন্দরের কিছু ব্যবসায়ীকে বিভিন্নভাবে অনৈতিক সুযোগ-সুবিধা দিতেন। তাদের বদলির আদেশে আমরা খুশি। বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) রুহুল আমীন বলেন, স্থলবন্দরে ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আমিসহ ১৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় স্থলবন্দর হচ্ছে, তাই একসঙ্গে এতোজনকে বদলি করা হয়েছে। সরকারি নির্দেশ মোতাবেক আমাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
