তথ্যবিবরণী-
এখন বাংলাদেশের শহরের অলিতে-গলিতে, গ্রামে-গঞ্জে কোথাও শোনা যায় না ‘মা একটু ভাত দেন’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে নওগাঁ জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালে নওগাঁ নওযোয়ান মাঠে অনুষ্ঠিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ১৪ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। তাঁর নেতৃত্বে দেশ পাল্টে গেছে। যদি ১৪ বছর আগে ফিরে যাই দেখা যাবে, নওগাঁ এমন ছিল না, নওগাঁর রাস্তা-ঘাট এমন ছিল না, মানুষের বেশভূষা এমন ছিল না। আজকে মানুষের বেশভূষা পরিস্কার। ১৪ বছর আগে শহরের অলিতে-গলিতে, গ্রামে-গঞ্জে প্রায়ই শোনা যেত ক্ষুধার্তের আর্তনাদ- ‘মা একটু ভাত দেন’। কিন্তু আজ ১৪ বছর পর কোথাও শোনা যায় না- ‘মা একটু ভাত দেন’।
ড. হাছান মাহ্মুদ বলেন, এমন পরিস্থিতি আগে ছিল না। এখন খালি পায়ের মানুষ দেখা যায় না, ছেঁড়া কাপড়ের মানুষ দেখা যায় না- এমনটা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ^ব্যাপী সংকট চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে সুইজারল্যান্ডের মতো দেশে তাদের দেশীয় মুদ্রায় এক টাকার তেলের দাম আড়াই টাকা হয়েছে। বেলজিয়ামের মতো দেশে বিদ্যুতের দাম এত বেড়েছে যে, পানি গরম করে গোসল করা বন্ধ করে দেয়া হয়েছে। জার্মানিতে সবসময় হিটিং চালানো যাবে না বলে আদেশ জারি করা হয়েছে। তিনি বলেন, আমাদের দেশে জ¦ালানির দাম ইউরোপের মতো আড়াই গুণ বৃদ্ধি পায় নাই, আমাদের দেশে বেড়েছে ৩৮ থেকে ৪০ শতাংশ।
জ্বালানির দাম বাড়ায় মানুষের যে অসুবিধা হচ্ছে না তা নয় বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, জ্বালানির দাম বাড়ায় মানুষের কিছুটা অসুবিধা হচ্ছে। তাই ইতিমধ্যে তেলের মূল্য কমানো হয়েছে। ভবিষ্যতে বিশ^বাজারে তেলের দাম কমলে আমাদের দেশেও কমিয়ে দাম সমন্বয় করা হবে।
মানুষের দুঃখ আমাদের চেয়ে বেশি কেউ বুঝে না উল্লেখ করে মন্ত্রী বলেন, করোনাকালে স্বল্পমূল্যে ১ কোটি পরিবারকে চাল দেয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে দেড় থেকে দুই হাজার মানুষকে বিভিন্ন ভাতা দেয়া হচ্ছে। বিএনপি’র আমলে তা ছিল না। বিএনপি’র আমলে দেশে বিদ্যুতের লাইন থাকলেও বিদ্যুৎ ছিল না। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে এগিয়ে যাচ্ছে, করোনার মধ্যেও আমাদের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে। তাই শেখ হাসিনার সরকার বারবার দরকার।
বক্তব্যের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বঙ্গবন্ধু, বঙ্গমাতা এবং ১৫ আগস্টে শহিদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন। খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের সার্বিক পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রধান বক্তা হিসেবে শোক সমাবেশে বক্তৃতা দেন।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে শোক সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংসদ সদস্য মো: ইমাজ উদ্দীন প্রামানিক, আলহাজ্ব শহীদুজ্জামান সরকার, আলহাজ্ব মো: ছলিম উদ্দীন তরফদার, আলহাজ¦ ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন ও আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল বক্তৃতা করেন।
এর আগে সকাল এগারো’টায় মন্ত্রী বাংলাদেশ টেলিভিশন নাটোর উপকেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ টেলিভিশন সম্প্রচার কেন্দ্র স্থাপন করা হবে, যেন দেশের মানুষ প্রত্যেক এলাকার স্থানীয় শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। আগামী নির্বাচনের আগেই সীমিত পরিসরে এই কার্যক্রম শুরু করা হবে বলে তিনি জানান।
সাম্প্রতিক সময়ে বিএনপি’র বিভিন্ন আন্দোলন ও সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে, এটা পুনরায় ২০১৪ ও ২০১৫ সালের মতো পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত দেয় কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি যদি পুনরায় আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে, জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যার চেষ্টা করে তবে আওয়ামী লীগ বসে থাকবে না, জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করবে।
তিনি বলেন, সরকারের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, জনশৃঙ্খলা রক্ষা করা। এর জন্য সরকারের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।
