আলো ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারীরা সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। মানুষ মানুষকে স্বপ্ন দেখায়, প্রধানমন্ত্রী স্বপ্ন দেখাচ্ছন জাতিকে। আর নিশাতরা স্বপ্ন দেখাচ্ছেন নারীদের। বাঙালি সাধারণ মেয়ে, অথচ দুঃসাহসী কাজ করেন নিশাত মজুমদার। গতকাল শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে অভিযাত্রী আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশি পর্বোতারোহী নিশাত মজুমদারের পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত ‘মানাসলু’ শৃঙ্গ অভিযানের পতাকা অর্পণ উপলক্ষে ‘ওরিয়ন ট্রেক উইথ নিশাত’ শীর্ষক সংবাদ সম্মেলনটি করা হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দেশের প্রথম নারী পর্বতারোহী নিশাতকে দেখলে মনে হয় বাঙালি সাধারণ মেয়ে। ঘর থেকে রেব হন না।
পরিবারের মধ্যে খুব সাধারণভাবেই জীবন কাটাচ্ছেন। অথচ কী দুঃসাহসি মানুষ! একের পর এক দুঃসাহসী অভিযান ও কাজ করেন, অনেককে উৎসাহিত করেন। তিনি বলেন, নিশাতের কাছে থেকে অনুপ্রেরণা পেয়েই এবার তার সঙ্গে যোগ দিয়েছেন আরেক মেধাবী ও দুঃসাহসী নারী ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রজ্ঞা পারমিতা। তিনি বলেন, আমরা চাই, তারা বাংলাদেশের পতাকা পর্বতে উড়াবে। ফিরে এসে তারা তাদের দুঃসাহসী অভিযানের গল্প আমাদের শোনাবেন। শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ মহল সরকারবিরোধী প্রচারণার অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। তারা আর কোনো ইস্যু খুঁজে না পেয়ে নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। মহলটি বলছে, ধর্মশিক্ষা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটি একেবারেই সত্য নয়।
আমরা এরই মধ্যেই নতুন শিক্ষাক্রম নিয়ে যতগুলো অপপ্রচার ছিল তা জনগণের সামনে তুলে ধরেছি। নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার পরিধি আরও প্রসারিত হবে। তিনি বলেন, নতুন শিক্ষাক্রমের মাধ্যমে জ্ঞান দক্ষতা, মূল্যবোধ প্রসারিত করার জন্য কাজ করছি। সেখানে ধর্ম, নৈতিকতা, মুল্যবোধ এগুলো অবিচ্ছেদ অংশ। ধর্ম শিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই আসে না। এর আগে লিখিত বক্তব্যে অভিযাত্রীর সংগঠক মির্জা জাকারিয়া বেগ বলেন, হিমালয়ে অবস্থিত মানাসলু পর্বতশৃঙ্গের উচ্চতা ৮ হাজার ১৬৩ মিটার। প্রথমবারের মতো একটি জাপানি দল ১৯৫৬ সালে ৯ মে সফলভাবে এটি আরোহণ করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রথম এভারেস্ট আরোহী নারী নিশাত মজুমদার এবার মানাসলু অভিযানের পরিকল্পনা করেছেন।
এ আয়োজনে সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে ওরিয়ন। এ ধরনের একটি সম্মানজনক অভিযানের স্পন্সর হিসেবে ওরিয়নের এ পৃষ্ঠপোষকতা বাংলাদেশে পর্বতারোহণে নতুন মাত্রা যোগ করলো। আমরা বিশ্বাস করি, ওরিয়ন বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে যেমন গুরুত্বপূর্ণ অবদান রাখছে অনুরূপভাবে নতুন প্রজন্মের মাঝে পর্বতারোহণ জনপ্রিয় করে তুলতে সম্ভাব্য সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। ওরিয়নের আর্থিক সহযোগিতায় সংগঠিত হতে যাওয়া এ অভিযানে নিশাত মজুমদার ও প্রজ্ঞা পারমিতা রায় সোমবার নেপালের উদ্দ্যেশ্যে রওনা দেবেন। পরে কাঠমান্ডু থেকে পৌঁছাবেন মানাসলু পর্বতের পাদদেশে বেশিশাহার নামের একটি স্থানে।
বেশিশাহার থেকে শুরু হবে ট্রেকিং। প্রজ্ঞা পারমিতা রায় ওই পর্বতের বেইজ ক্যাম্প পর্যন্ত আরোহণের মাধ্যমে তার যাত্রা শেষ করে দেশে ফিরে আসবেন ও নিশাত মজুমদার মানাসলু পর্বতের শীর্ষবিন্দু স্পর্শ করতে এগিয়ে যাবেন। সংবাদ সম্মেলনে অভিযাত্রী ইনাম আল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ, ওরিয়ন গ্রæপের করপোরেট অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মো. আশফাকুল আলম প্রমুখ।
এদিকে গতকাল শনিবার রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা প্রতিষ্ঠানে কোনও নিয়মের ব্যত্যয় না ঘটাতে সরকারি, বেসরকারি ও সংস্থা পরিচালিত সব প্রতিষ্ঠান ও শিক্ষকদের প্রতি আহবান জানান । শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আমার শুধু এইটুকু অনুরোধ ও আহবান থাকবে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি, বেসরকারি কিংবা সংস্থা পরিচালিত যাই হোক, সেই প্রতিষ্ঠানকে আইন-কানুনের মধ্যে পরিচালিত হতে হবে। প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে। সেখানে যেনও নিয়মের ব্যত্যয় না ঘটে। তাহলে শিক্ষার যে উদ্দেশ্যে সেটিও সহজভাবে করতে পারবো।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষায় আমূল পরিবর্তন আনার চেষ্টা করছি। আমাদের যে কারিকুলাম, সেই কারিকুলামে যদিও ২০১২ সাল থেকে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করা হচ্ছে, তারপরও আমাদের শিক্ষা আনন্দময় ছিল না। আমাদের শিক্ষার্থীদের ওপর পড়াশোনার ভীষণ চাপ, তাছাড়া যেভাবে পড়ানো হয়, আমাদের যে ক্লাস সাইজ, যত শিক্ষার্থী একটি ক্লাসে থাকে, তাতে কোনও শিক্ষকের পক্ষেই সব শিক্ষার্থীর প্রতি ক্লাসে সমান মনোযোগ দেওয়া সম্ভব নয়। এরকম নানান সমস্যা, সীমাবদ্ধতা রয়েছে। শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে দীপু মনি বলেন, আমরা যে অভিষ্ঠ লক্ষ্য ঠিক করেছি ২০২১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ গড়ে তুলবো।
২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিক যে অঙ্গীকার টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জন করবো। ২০৩১ সালের মধ্যে আমাদের ডেমোগ্রাফিক ডিবিডেন্ট অর্জন করার সময়সীমা রয়েছে। এ সময়ের মধ্যেই ডেমোগ্রাফিক ডিবিডেন্ট অর্জন করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত করে আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। এসব লক্ষ্য অর্জনের জন্য আমাদের শিক্ষাক্রমে ব্যাপকভাবে পরিবর্তন নিয়ে এসেছি। আমাদের শিক্ষার্থীরা মুখস্থ করবে না, পরীক্ষার চাপে জর্জরিত হবে না, শিক্ষা হবে আনন্দময়, শিক্ষা হবে করে করে শেখা, সক্রিয় শেখা ও অভিজ্ঞতাভিত্তিক শেখা।
