আলো ডেস্ক: বর্তমান সরকারকে নিষ্ঠুর হিসেবে মন্তব্য করে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জনগণের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই। সরকার মনে করে আমরা ক্রীতদাস। জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় তিনি এসব কথা বলেন।
জেএসডি সভাপতি বলেন, এই ফ্যাসিবাদী সরকারকে দেশ থেকে বিদায় করতে হবে। এই অত্যাচারী সরকারকে যারা সাহায্য-সহযোগিতা করছে তাদেরকে বাংলাদেশ থেকে যেতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ খেতে পারছে না আর আপনারা দালালি করে বিদেশে টাকা পাচার করছেন। সরকার দলের লোকজন মনে করে আমরা ক্রীতদাস। আমরা এই সরকার চাই না। আমরা ফ্যাসিবাদী সরকার চাই না। সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার গরিব মানুষকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে বলেছিল।
সেই চালের কেজি এখন ৬০ টাকা। তারা (আওয়ামী লীগ) গণতন্ত্রের লোকজন অথচ জনগণের কাছে আপোশ করতে জানে না। আজ বাংলাদেশের সরকার বিদেশি সরকারের কাছে বলছে- তোমরা আজকের সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করার দরকার তা করে নিও। আ স ম আবদুর রব আরও বলেন, বাংলাদেশের যারা জুয়া খেলার ক্যাসিনো রাখার নিয়ম তৈরি করছে, তাদেরকে বিচার থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে বাংলাদেশে আইন-আদালত কোথায় আছে। বাধা দিলে বাঁধবে লড়াই- এই লড়াইয়ে জিততে হবে।
সারা বাংলাদেশে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আগুন জ¦ালিয়ে দেবো। নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন যে কথা বলেছেন সেটা আসলে সরকারেরই বক্তব্য। আমরা এ সরকারকে পতন করে ঘরে ফিরবো। সব রাজনৈতিক দল বলছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন হতে পারে না। আর কমিশনার ১৫০ আসনে ইভিএমের কথা বলছেন। মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে যারা দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছেন সবাই সরকারি দলের লোক।
এ সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। তিনি বলেন, বাংলাদেশের পুলিশপ্রধান অনেক দেন-দরবার করে জাতিসংঘের ভিসা পেয়েছেন। কনফারেন্সের বাইরে তিনি কোথাও যেতে পারবেন না। পুলিশপ্রধান যে হোটেলে আছেন সেখানে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নজরদারি রাখা হয়েছে। আজ বিশ্বের মধ্যে বাংলাদেশ পুলিশকে নিম্নমানের পুলিশ বানানো হয়েছে। মান্না পুলিশ বাহিনীকে উদ্দেশ করে বলেন, এমন কোন কাজ করবেন না যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আজ এখানে আওয়ামী লীগ যদি কোনো সমাবেশ করতো তাহলে রাস্তা বন্ধ করে দেওয়া হতো। আর পুলিশ ভাইরা দূর থেকে তাদের দায়িত্ব পালন করতো।
গনঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়। আগামীতে জাতীয় সরকার এবং অন্তবর্তী কালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের গুণ্ডা পাণ্ডা সবাই মিছিল মিটিংয়ে হামলা করছে। আওয়ামী লীগের লোকজন যেভাবে কথা বলছে মিছিল মিটিং কোন কিছু করতে দিচ্ছে না। গণতান্ত্রিক আন্দোলনে হামলা করে হত্যা করা হচ্ছে। আগামীতে সবাই মিলে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।
এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। নুর বলেন, নির্বাচন কমিশনকে বলতে চাই আগামী নির্বাচনে ইভিএম এ ভোট হবে না। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, সাইফুল হক প্রমুখ। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, সাইফুল হক সহ গনতন্ত্র মঞ্চের নেতারা।
