আলো ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ‘বিএনপির মিছিলে বাধা দেওয়ার’ জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। তিন মামলায় সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীসহ ৬৬ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাত আরও চারশো জনকে আসামি করা হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাতে বাঁশখালী থানায় মামলা তিনটি করা হয়। মামলায় পুলিশের ওপর আঘাত, সরকারি কাজে বাধা, যান চলাচলে বাধা, ককটেল বিস্ফোরণের অভিযোগ করা হয়।
আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবীর জানান, পুলিশের কর্তব্য কাজে বাধা, হামলা, ভাঙচুর করে ত্রাস সৃষ্টির অভিযোগে পৃথক তিনটি মামলা হয়েছে। এর আগে গত শুক্রবার বিকেলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলায় দুই নেতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে গত শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালীতে একটি সমাবেশ আয়োজন করে বাঁশখালী বিএনপি।
আগে থেকে বাধার মুখে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর বাড়িতে সমাবেশ করে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা রাস্তায় উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পরে পুলিশ লাঠিচার্জ, শর্টগানের গুলি ছুড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে আনোয়ারা সার্কেল এএসপি হুমায়ুন কবীরসহ ৭ থেকে ৮ জন আহত হন। এতে বিএনপির ২০-২২ জন নেতাকর্মী আহত হন।
