আলো ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত ৪১ বছরে অন্তত ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে। একাত্তরের ঘাতক, পচাত্তরের ঘাতক, ২০০৪ এর ২১ আগস্টের ঘাতক, ২০১৩-১৪ এর অগ্নিসন্ত্রাসের ঘাতকের দল এক ও অভিন্ন। আজও তারা আস্ফালন করে আরেকটি ১৫ আগস্ট ঘটানোর জন্য। এজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। গতকাল শুক্রবার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যিালয়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার মহানায়ক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দীপু মনি বলেন, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত।
আওয়ামী লীগ ও আওয়ামী লীগ বিরোধী। একদিকে মুক্তিযুদ্ধের সমমনারা রয়েছে, উল্টোদিকে রয়েছে যাদের কোনো আদর্শ নেই। অগ্নিসন্ত্রাস, এতিমের অর্থ আত্মসাত, রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেনেড দিয়ে উড়িয়ে দেওয়া এগুলো কোনো আদর্শ হতে পারে না। যুদ্ধের সময়টা মুজিবের নামে যুদ্ধ হয়েছে। দেশ স্বাধীনের পর এদেশ তখন মুজিবের দেশ নামে পরিচিত। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির, পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস, অ্যাটকোর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, বাংলাদেশ সরকারি কমিশনের সদস্য অধ্যাপক ড. নূরজাহান বেগম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, বিশ্ববিদ্যিালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে পাবনা এডওয়ার্ড কলেজের আয়োজনে শহীদ আবদুস সাত্তার মিলনায়তনে ‘শিক্ষার গুণগত মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা হবে আনন্দময়। মুখস্থ নির্ভরতা থাকবে না, পরীক্ষাভীতি থাকবে না। শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখবে। শিক্ষামন্ত্রী বলেন, এখন যে বইগুলো আসবে তাতে স্বাধীনতার ঘোষণা, ৭ মার্চের ভাষণ, আমাদের সাংবিধানিক ঘোষণা, মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা, বীরশ্রেষ্ঠদের কথা বয়সভিত্তিকভাবে সব শ্রেণিতে আসবে। তিনি বলেন, ২০২৩ সাল থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন বইয়ের মাধ্যমে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে।
২০২৩ সালে ষষ্ঠ ও সপ্তম শ্রেণি, ২০২৪ সালে অষ্টম ও নবম এবং ২০২৫ সালে দশম শ্রেণির নতুন বইয়ের মাধ্যমে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে। সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. এস এম মোস্তফা কামাল।
