আলো ডেস্ক: বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। গতকাল শনিবার দিনটি স্মরণে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। গতকাল শনিবার সকালে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় আয়োজিত মোনাজাতে অংশ নেন এবং শ্রদ্ধাবনত চিত্তে তার অবদানের কথা স্মরণ করেন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এসময় একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ এই বীর সেনানীর গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। দোয়া মাহফিলে বিমান বাহিনীর কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান বিমান সদর এবং ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন। এছাড়াও, বিমান বাহিনী পরিচালিত সকল স্কুল ও কলেজগুলোতে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জীবনের উপর আলোকপাত ও তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
