সাজ্জাদুল তুহিন, নওগাঁ-
চলছে বর্ষাকাল। এই সমটাতে বিভিন্ন নদ-নদী, খাল-বিল, ডোবা-জলাশয় ভরে যায় পানিতে। স্থানীয় জেলেদের পাশাপাশি সৌখিন মাছ শিকারীরাও এ সময় দেশীয় ছোট মাছ ধরতে চাঁই বা খলশান ব্যবহার করেন। তাই বর্ষাকাল শুরু থেকেই নওগাঁর বিভিন্ন হাট বাজারে দেশী প্রজাতির ছোট মাছ ধরা বাঁশের তৈরি চাঁই বা খলশানি বিক্রির ধুম পড়েছে। তাইতো ব্যস্ততা বেড়েছে খলশানি বা চাঁই তৈরির সাথে জড়িত কারিগরদের।
নওগাঁ সদর উপজেলা শৈলগাছী ইউনিয়নের রামরায়পুরের ঋষিপাড়ায় গিয়ে দেখা যায়, দল বেঁধে গ্রামের নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা সবাই খলশানি তৈরিতে ব্যস্ত। পুরুষরা বাঁশ থেকে খিল তুলছেন। সেগুলো আবার রং করে রোদে শুকাতে দিচ্ছেন নারীরা। কেউবা আবার তালের ডাকুর থেকে দা, কাস্তি দিয়ে আঁশ ছড়াচ্ছেন। সবগুলোর সমন্বয়ে নারীদের নিপুন হাতের ছোঁযায় তৈরি হচ্ছে খলশানি। এরপর কটসুতো দ্বারা খলশানির দুই পাশ শক্ত করে আটকানোর কাজ করছেন পুরুষরা। এ যেন এক অন্যরকম কর্মযজ্ঞ।
কারিগররা জানান, চাঁই তৈরিতে প্রধান কাঁচামাল বাঁশ ও তালের ডাকুর। প্রথমে বাঁশ বাজার থেকে কিনে আনা হয়। এরপর বাঁশ চিরে খিল তোলা হয়। সেগুলো শুকিয়ে নেয়া হয় হালকা রোদে। এরপর তালের ডাকুর থিতিয়ে আঁশ ছড়ানো হয়। তালের ডাগুরের আঁশ দিয়ে খিল বান দেওয়া হয়। তারপর সুতো দিয়ে বেঁধে তৈরি হয় চাঁই।
২৫ বছর ধরে খলশানি কাজে সাথে জড়িত কালিপদ। তিনি জানান, একটি বাঁশ আকারভেদে ১৫০ থেকে ২৫০ টাকায় কিনে আনা হয়। আকারভেদে একটি বাঁশ থেকে ৫ থেকে ১০টি খলশান তৈরি হয়। এছাড়াও তালের ঢিঙ্গা ২০ টাকা (১টি) কিনতে হয়। বাঁধার জন্য কট সুতো লাগে।
তিনি বলেন, সারাদিনে একজন একটি খলসান তৈরি করতে পারে। এই সময়টাতে খলশানের একটু দাম বেশি থাকে। একটি খলশান ১৫০ থেকে ২০০ টাকাতে বিক্রি করা হয়। কিন্তু অন্য সময় একটি খলশান ১০০ টাকায় বিক্রি হয়। একটা খলশান তৈরিতে যে পরিমাণে খরচ ও পরিশ্রম হয় সেভাবে এর দাম পাওয়া যায় না। এই কাজ করে কোন রকম পেটে ভাতে খেয়ে বেঁচে থাকতে হয়।
খলশানি তৈরির কারিগর নিরঞ্জন বলেন, প্রথমে বাঁশ নিয়ে এস মাপ দিয়ে কাটতে হয়। তারপর বাঁশ থেকে খিল তুলতে হয়। রোদে শুকাতে হবে ও রং করতে হয়। এরপর গাটতে হবে। গাটার পরে টানা দিয়ে বেঁধে চাটা তৈরি করতে হয়। চাটা তৈরির পর চাকাতে হবে ও সুতো দিয়ে শক্ত করে বাঁধার পর একটি খলশানি কাজ শেষ হয়। পরে নওগাঁসহ বিভিন্ন হাটে নিয়ে বিক্রি করা হয়। আবার অনেকে বাড়িতে এসে কিনে নিয়ে যায়।
বৈদাশী রানী বলেন, আমি এই কাজের সাথে ৩০ বছর ধরে জড়িত। ছেলেরা মূলত বাজার থেকে বাঁশ কিনে এনে খিল তুলে দেয়। এরপর আমরা রং করে সেগুলো রোদে শুকাই। এছাড়াও তালের ডাকুর থেকে দা, কাস্তি দিয়ে আঁশ ছড়ানোর পর চাটা তৈরি করা হয়। এরপর আবারও ছেলেরা কট সুতো দিয়ে সেগুলো বেঁধে খলশানি তৈরির কাজ শেষ করে।
এদিকে শনিবার (২০ আগস্ট) জেলার রানীনগর উপজেলার ত্রিমোহনী হাটে গিয়ে দেখা যায়, সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে তৈরি করা এসব খলশান বা চাঁই বিক্রির জন্য কারিগর নিয়ে আসছেন। এছাড়াও ব্যবসায়ীরা খলশান পসরা সাজিয়ে বসে আছে। ক্রেতা-বিক্রেতাদের চলছে দাম-দর ও দেখাশুনা।
উপজেলার মিরাট ইউনিয়ন থেকে খোলশান কিনতে এসেছেন জাফের। এসময় তার সাথে কথা হলে তিনি বলেন, এই সময়টাতে আমাদের খলশানির বেশি দরকার হয়। বিভিন্ন বিলে মাছ ধরার জন্য এগুলো প্রয়োজন হয়। আজকে ২০০ টাকা করে ৮০টি খলসান কিনলাম। এখনও আমার প্রায় ৪০০ মত খলশানের দরকার।
খলশান বিক্রেতা মুকুল বলেন, আমরা এখানে খলশান কেনাবেচা করে থাকি। আষাঢ-শ্রাবণ মাসে বেচাকেনা একটু বেশি হয়। প্রতি পিস খলশান আকারভেদে ২০০ থেকে ১৮০ টাকায় বিক্রি করে থাকি। অন্যসময় ১৫০ টাকা পিসও বিক্রি করতে হয়।
