আলো ডেস্কঃ রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারে চাপা পড়ে নিহত পাঁচজন নিহত হওয়ার ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।তিনি বলেন, একনেক সভায় উত্তরার দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব। প্রতিবেদনে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি পাওয়া গেছে।
ড. শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী এ ঘটনার বিষয়ে মন দিয়ে শুনে আবেগতাড়িত হয়ে পড়েন।
তিনি বলেন, এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত এবং যেই কোম্পানি জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রধানমন্ত্রী কাজে অবহেলাকারী ও দায়িত্বজ্ঞানহীন কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করতে বলেছেন।
গতকাল সোমবার বিকেলে জসীম উদ্দীন মোড়ে আড়ংয়ের সামনে নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে একটি প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হন। এ ছাড়া দুই যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
