আলো ডেস্ক: নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে শ্বশুরবাড়িতে মো. এমরান হোসেন মুন্না (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ভোর রাতের দিকে ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. এমরান হোসেন মুন্না সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের আহমদ উল্যার ছেলে।
নিহতের বাবা আহমদ উল্যাহ অভিযোগ করে জানান, চার বছর আগে প্রেমের সম্পর্কে জেরে পরিবারের মতের বিরুদ্ধে জামালপুর গ্রামের মোরশেদ আলম মুসার মেয়ে শিল্পী আক্তারকে বিয়ে করে তার ছেলে মুন্না। বিয়ের পর থেকেই মুন্না এবং তার স্ত্রী শিল্পীর সঙ্গে পারিবারিক কলহ দেখা দেয়। ওই পারিবারিক কলহের জেরে গত দুই মাস ধরে স্ত্রী, শ্বশুর, শাশুড়িসহ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মুন্নার বিরোধ চলে আসছিল।
দুইদিন আগে শ্বশুরবাড়িতে বেড়াতে যায় মুন্না। গতকাল সোমবার ভোর রাতে ওই বাড়ি থেকে খবর আসে মুন্না আত্মহত্যা করেছে। আহমদ উল্যাহ আরও জানান, তার ছেলে মুন্না আত্মহত্যা করেনি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যার গুজব ছড়ানো হচ্ছে। সঠিক ময়নাতদন্তের মাধ্যমে হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে বলে তিনি জানান।
এদিকে মুন্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে মুন্নার শ্বশুর মোরশেদ আলম মুসা। সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
