প্রেস বিজ্ঞপ্তি-
১৫ আগস্ট ২০২২ ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় শোক দিবসের কর্মসূচি। সকাল ০৭.৩০ টায় শাহ্ মখদুম দরগাহ্ হেফজ মাদ্রাসায় কোরানখানি অনুষ্ঠিত হয়। সকাল ১০.০০ টায় রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে “মুজিব শতবর্ষ-১০০” স্মারক বঙ্গবন্ধুর ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও ১৯৭৫ এর ১৫ আগস্টে শাহাদতবরণকারী বঙ্গমাতাসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন এবং শহিদদের সম্মানার্থে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে সকাল ১০.৩০ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান এর সভাপতিত্বে “বঙ্গবন্ধু হত্যাকান্ড- ১৯৭৫ পরবর্তী রাজনীতি ধারা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ্ প্রফেসর মো: নুরল আলম, প্রাক্তন চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী, সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগর, রাজশাহী। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইতিহাসবিদ্ প্রফেসর চিত্ত রঞ্জন মিশ্র, ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ^বিদ্যালয়।
প্রধান আলোচক তাঁর আলোচনায়- ১৯৭৫ পরবর্তী রাজনীতি ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সামরিক শাসকরা বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেন এবং বিশেষ করে ১৯৭৫ পরবর্তী প্রজন্মের কাছে নেতিবাচক হিসাবে তুলে ধরার সর্বাত্তক প্রচেষ্টা চালান কিন্তু তা ব্যর্থ হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো: নুরল আলম বঙ্গবন্ধুর জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করে বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন রাজনৈতিক দার্শনিক। সভাপতি প্রফেসর মো: হাবিবুর রহমান গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ ১৫ আগস্টে শাহাদতবরণকারীদের স্মরণ করেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশকে একটি উন্নত, অসম্প্রদায়িক, আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াস যেন কোন ভাবেই ব্যহত না হয় এ বিষয়ে সকলকে সর্তক থাকার আহবান জানান।
এরপর দুপুর ১.৩০ টায় ছোট মনি নিবাস, বর্ণালী মোড়, রাজশাহী এবং শাহ্ মখদুম দরগা মাদ্রাসা, দরগাপাড়া, রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পোশাক ও দুপুরের খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বাদ আসর রাজশাহী শিক্ষা বোর্ড মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদতবরণকারী শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও তবারক বিতরণ করা হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জনাব মো: আরিফুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আহবায়ক, জাতীয় শোক দিবস উদযাপন কমিটি-২০২২। সভার কার্যক্রম পরিচালনা করেন রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) জনাব এস.এম. গোলাম আজম।
