আলো ডেস্ক: পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ায় নিরুদ্দেশ হন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী আলাভী ও সামী। নিখোঁজ হওয়ার ১২ দিন পর তাদেরকে রাজধানী ঢাকার খিলক্ষেতের একটি ছাত্রাবাস থেকে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়টি জানান উপ পুলিশ কমিশনার (অপরাধ) মো. আবু মারুফ হোসেন।
আবু মারুফ হোসেন বলেন, মিডটার্ম পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় মানসিক বিষন্নতায় ভুগছিলেন দুই শিক্ষার্থী। একপর্যায়ে তারা বাসা থেকে পালিয়ে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নেন। গত ৩১ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে বাসা থেকে বের হয়ে প্রথমে লালমনিরহাটে যান আলাভী ও সামী। সেখান থেকে ১ আগস্ট ট্রেন যোগে তারা ঢাকায় যান।
নিখোঁজের একদিন পরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় পৃথক দুটি সাধারণ ডায়রি করেন আলাভী ও সামীর পরিবার। তিনি আরো বলেন, ১ আগস্ট থেকেই তদন্ত শুরু করে পুলিশ। নিখোঁজ দুই শিক্ষার্থী কোনো প্রকার যোগাযোগ মাধ্যম ব্যবহার না করায় তদন্তে বেগ পেতে হয়।
পরে রাজধানীর খিলক্ষেতে তাদের অবস্থান শনাক্ত করা হয়। গত বৃহস্পতিবার খিলক্ষেতের ব্যাপারী পাড়ার আল-আমিন ছাত্রাবাস থেকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। গতকাল শুক্রবার ওই শিক্ষার্থীদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
