আলো ডেস্ক: জনগণের টাকা লুট করতেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা। গতকাল শনিবার যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন তারা। জ্বালানির মূল্যবৃদ্ধির নিন্দা জানিয়ে এনপিপির এ দুই নেতা বলেন, দফায় দফায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন যখন অতিষ্ঠ, ঠিক সে মুহূর্তে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।
অথচ বিশ্ববাজারে জ্বালানির দাম কমেছে। দেশে পেট্রল ও অকটেন আমদানি করতে হয় না বলা হলেও এখন জ্বালানির দাম বাড়ানো হলো। মূলত টাকা লুট করতেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে। অবিলম্বে জনস্বার্থে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান তারা। বিবৃতিতে এনপিপি নেতারা আরও বলেন, এমনিতেই নিত্যপণ্য ঊর্ধ্বমূল্যে কিনতে হচ্ছে।
এ অবস্থায় ডিজেল, কেরোসিন, পেট্রল, অকটেনের মূল্যবৃদ্ধি জনজীবনকে মারাত্মক চাপে ফেলবে। ফের বাড়বে পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম, বাড়বে মূল্যস্ফীতিও। ফলে নিম্ন ও মধ্যবিত্তের জীবন চরম সংকটে পড়বে। তারা বলেন, দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। তাই বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করে গণআন্দোলনে এদের বিদায় করতে হবে। সংকট উত্তোরণে এর কোনো বিকল্প নেই।
