আলো ডেস্ক: নাটোরের গুরুদাসপুরে সাঁতরে নদী পার হওয়ার সময় পানিতে তলিয়ে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর ইমান আলীর (৫০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলার খুবজীপুর ইউনিয়নের খুবজীপুর গ্রামের আত্রাই নদীর শাখা নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত ইমান আলী উপজেলার যাগেন্দ্রনগর গ্রামের মৃত খয়ের আলী মোল্লার ছেলে।
গুরুদাসপুর থানার ওসি মো. আবদুল মতিন জানান, গত শুক্রবার দুপুর ২টার সময় উপজেলার যোগেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আত্রাই নদীর শাখা নদীতে সাঁতরে পার হতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন মো. ইমান আলী। তাকে উদ্ধারে নৌ পুলিশ, রাজশাহী থেকে একদল ডুবুরী, থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন।
পরে তারা বিকেল ৩টা থেকে যৌথভাবে দীর্ঘ ৮ ঘণ্টা ধরে উদ্ধার তৎপরতা চালান। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর অভিযান স্থগিত করে গতকাল শনিবার ফের উদ্ধার কাজ শুরু করা হয়। অবশেষে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দুরে খুবজীপুর গ্রামের আত্রাই নদীর শাখা নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়। উল্লেখ্য, আত্রাই নদীর শাখা নদীটি পার হওয়ার জন্য কোনো নৌকা না পেয়ে সাঁতরে পার হওয়া শুরু করেন তিনি।
সে সময় তার হতে একটি ব্যাগ ও সেন্ডেল ছিল। পরে নদীর মাঝখানে গিয়ে তিনি পানিতে তলিয়ে যান। স্থানীয় লোকজন বিষয়টি টের পেলে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। গুরুদাসপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থল গিয়ে উদ্ধার কাজ শুরু করেছিলেন।
কিন্তু তার সন্ধান না পেয়ে বিষয়টি পর্যবেক্ষন শেষে রাজশাহী ডুবুরি ইউনিটকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। গত শুক্রবার রাত ১১টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। পরে গতকাল শনিবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু করে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূর থেকে তার ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
