আলো ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড, হাছান মাহমুদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টায় জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকীর দিনে বলেন, শেখ কামাল ছিলেন একজন দক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক। আজকে তিনি বেঁচে থাকলে এসব ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে যেতো।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস, এম, কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী এর আগে সকালে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শিক্ষানুরাগী এম এ তাহেরের মৃত্যুতে শোক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের শিক্ষানুরাগী, পূর্ব কোদালা এম এ তাহের উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আজীবন দাতা এম এ তাহের (৬৩) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল শুক্রবার সকাল ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও দুই মেয়েসহ অনেক আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। সমাজহিতৈষি এম এ তাহেরের মৃত্যুর সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত এম এ তাহের। শিক্ষা ও সামাজিক কাজে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
