আলো ডেস্ক: ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল আধা বেলাতেই প্রত্যাহার করেছে দলটি। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি বলেন, সরকারকে পুলিশের হামলায় নিহত ও আহতের পরিবারকে ক্ষতিপূরণ দিবে হবে।
এছাড়াও সরকারের নির্দেশে পুলিশ গুলি না চালালেও সরকারের উচিত হবে তাদের শাস্তির আওতায় আনা। তিনি আরো বলেন, বিএনপি লাশের রাজনীতি করে না। আওয়ামী লীগ শোকের মাসের শুরুতে ভোলায় দু’টি তাজা প্রাণ কেড়ে নিয়ে আগস্ট মাস শুরু করেছে।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস প্রেসিডেন্ট মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলেল সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরসহ প্রমূখ।
বিএনপির সকাল-সন্ধ্যা ডাকা হরতাল প্রত্যাহারের ঘোষণার পর থেকেই শহরের দোকান-পাট পুরোপুরি খুলতে শুরু করেন ব্যবসায়ীরা।
