আলো ডেস্ক: আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অমানবিক-দুর্নীতিপরায়ণ থেকে এক ভয়ংকর রক্ত গঙ্গা বইয়ে দেবার দিকে এক মরণঘাতী কর্মসূচি নিয়েছে সরকার।
এই সরকারের পতন ঘটাতে হবে। তিনি বলেন, উচ্চ ফলনশীল মিথ্যা কথার জন্ম হয়েছে এই বাংলাদেশে শেখ হাসিনার আমলে। গতকাল বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদে বানভাসিদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ত্রাণ বিতরণে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের প্রধানমন্ত্রী সততার প্রতীক, সত্যবাদী। একজন ব্যক্তি যদি সৎ হন তাহলে কি ঢাকঢোল পিটিয়ে বলা যায়, প্রশ্ন রাখেন তিনি।
জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আয়োজনে পাঁচ শতাধিক বানভাসিদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও তাদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন ড্যাবের মহাসচিব ডা. আবদুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ওয়ার্কিং কমিটির সদস্য প্রকৌশলী মাহাবুব আলম, রংপুর বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক আবদুল খালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা প্রমুখ।
