আলো ডেস্ক: লক্ষ্মীপুরে হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে মো. বাদশা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি ওই বাসের সুপারভাইজার। এ ঘটনায় ৬ যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকার সুজন গ্রামের মো. মতলবের ছেলে। আহতরা হলেন- বাস স্টাফ মফিজুল ইসলাম, যাত্রী রাজন আহমেদ, মাহমুদুল হাসান, দেলোয়ার হোসেন, আদিব রহমান ও শাহাদাত হোসেন। পুলিশ ও আহতরা জানান, রামগতি থেকে যাত্রী নিয়ে হিমাচল পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা বেপোরোয়া গতিতে বাসের সামনে চলে আসে।
এতে সিএনজিটি রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। বাস স্টাফ মফিজুল ইসলাম বলেন, সিএনজিতে যাত্রী ছিল। যদি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতো, তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতো। সিএনজিকে রক্ষা করতে গিয়েই আমরা দুর্ঘটনার শিকার হয়েছি। এতে আমার সহকর্মী মারা যান। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা ওসি মৃদুল কান্তি কুরি বলেন, দুর্ঘটনায় বাসের সুপারভাইজার মারা গেছেন। লাশ ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাস উদ্ধারের চেষ্টা চলছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু: এদিকে লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউসুফ (৪০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট সংলগ্ন চরপাগলা গ্রামে এ ঘটনা ঘটে। ইউসুফ ওই এলাকার মোহাব্বত আলী চেরাংবাড়ির সায়েদুল হকের ছেলে। তিনি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির তালিকাভুক্ত ইলেকট্রিশিয়ান। ফজুমিয়ারহাট বাজারে তার ইলেকট্রনিক মালমালের দোকান রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশের একটি ক্ষেতে ধানের চারা রোপণ করার জন্য পানির পাম্প বসান ইউসুফ। সকালে ওই পাম্পের ক্যাবল সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পষ্ট হন। তাকে উদ্ধার করে কমলনগর উপজেলার করইতোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চরকাদিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য ফজলে এলাহী শামীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, ইউসুফের মৃত্যুতে ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি মোশারফ হোসেন রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সোহেল শোক প্রকাশ করেছেন।
