স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকায় উচ্চ স্বরে সাউন্ড বক্র বাজাতে নিষেধ করায় প্রতিবেশীর চাকুর আঘাতে খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২আগষ্ট) সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার হরিষার ডাইং ও কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (৩আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলম। গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন হরিষার ডাইং এলাকার মোঃ বকুল আলীর মেয়ে মোসাঃ খাদিজা (১৯) ও একই এলাকার মোঃ আসাদ আলীর ছেলে মোঃ মিঠন (৩০), মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ মোমিন (২৫), জান মোহাম্মাদের ছেলে মোঃ সোহেল (৩২) ও কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ পলাশ (৪০)।
অভিযান পরিচালনা করেন উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে এসআই মোঃ শরিফুল ইসলাম ও তার সঙ্গীয় র্ফোস।
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানায়, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকায় বকুলের ছেলে নাহিদ গত ১আগষ্ট রাত সাড়ে ৯টায় উচ্চ স্বরে সাউন্ড বক্রে গান শুনছিলো। তার প্রতিবেশী মুকুল আলীর মেয়ে অন্তসত্বা ও অসুস্থ হওয়ায় মুকুল আলী নাহিদের বাড়িতে গিয়ে উচ্চ স্বরে গান বাজাতে নিষেধ করেন। নাহিদ তাৎক্ষণিক সাউন্ড বক্রের শব্দ কমিয়ে দিলেও মুকুল সেখান থেকে চলে আসলে আবারও শব্দ বাড়িয়ে দেয়।
মুকুল আলী পুনরায় নাহিদের বাড়িতে গিয়ে উচ্চ স্বরে গান বাজাতে নিষেধ করলে আসামি নাহিদ ও তার পিতা বকুল আলী, মা ও তার বোন মিলে মুকুলকে গালিগালাজ করে এবং তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে নাহিদ ও তার পরিবারের সদস্যরা লোহার রড দিয়ে মুকুলের মাথায় আঘাত করে এবং চাকু দ্বারা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুত্বর জখম করে। মুকুলের চিৎকার শুনে তার ছোট ছেলে শাহীন আলম ও জামাই আলমগীর সেখানে গেলে তাদেরকেও মারপিট ও চাকু দিয়ে আঘাত করে জখম করে।
মুকুলের ছেলে শামিম ইসলাম আরও জানায়, ঘটনাস্থলে স্থানীয় লোকজন মুকুলকে উদ্ধারে এগিয়ে গেলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে গুরুত্বর আহতবস্থায় মুকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টায় মৃত্যুবরণ করেন।
মৃত মুকুলের ছেলে মোঃ শামিম ইসলামের এমন অভিযোগের প্রেক্ষিতে শাহমখদুম থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলা রুজু পরবর্তীতে আসামিদের অবস্থান সনাক্ত করে মঙ্গলবার (২আগষ্ট) সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার হরিষার ডাইং ও কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকা হতে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
