স্টাফ রিপোর্টার-
রাজশাহী মহানগরীতে ২০০ গ্রাম হেরোইনসহ মোছাঃ সালমা বেগম (৩৪) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসটার্মিনালের বিপরীত দিকে রেলস্টেশনের জায়গায় অবস্থিত গণশৌচাগারের বারান্দা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নারী মাদক কারবারী পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন তেলিখালি গ্রামের মৃত আতাহার আলী হাওলাদারের মেয়ে মোছাঃ সালমা বেগম।
অভিযান পরিচালনা করেন র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসটার্মিনালের বিপরীত দিকে রেলস্টেশনে অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ অবস্থান করছে।
উক্ত সংবাদ পাওয়া মাত্রই শুক্রবার সকাল সাড়ে ৮টায় রেলস্টেশনের জায়গায় অবস্থিত গণশৌচাগারের বারান্দায় পৌছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন মহিলা কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার, ফোর্স ও নারী র্যাব সদস্যদের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।
উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
