আলো ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন আদালত। বাজেয়াপ্তকৃত সম্পদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে চট্টগ্রাম জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার সকাল সোয়া ১১টায় চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এই নির্দেশ দেন। এ সময় আদালতে প্রদীপ কুমার দাশ ও চুমকি কারণ উপস্থিত ছিলেন।
আদালতে বেঞ্চ সহকারী মো.মূসা বলেন, প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের বাজেয়াপ্ত সম্পদের বিষয়ে ব্যবস্থা নিতে চট্টগ্রাম জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর বিধি ১৮৩(৯) এবং ফৌজদারী কার্যবিধি ধারা ৫১৭/৫২০ সহ প্রযোজ্য অন্যান্য বিধানাবলীর আলোকে বাজেয়াপ্তকৃত সম্পত্তির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে চট্টগ্রাম জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন।
কক্সবাজার জেলার সম্পত্তির বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক কক্সবাজার জেলা প্রশাসককে চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। নগরের কোতোয়ালী থানাধীন পাথরঘাটার লক্ষিকুঞ্জ ভবনের ৬ষ্ঠ তলার উপরের ২টি কক্ষ, নগরের পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর মৌজায় অবস্থিত ১ কোটি ৩৯ লাখ ৯২ হাজার ৬০০ টাকার জমি ও সেমিপাকা ঘর, কক্সবাজারের ঝিলংজা ভবনের ১১ ভলায় অবস্থিত একটি ফ্ল্যাট, ২২ লাখ ৮২ হাজার টাকা মূল্যমানের দুইটি মাইক্রোবাস রাষ্ট্রের অনুক‚লে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত।
