আলো ডেস্ক: দেশে বড়দের সঙ্গে পাল্লা দিয়ে শিশুরাও লিভার রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, লিভারের বিভিন্ন রোগ শিশুদেরও হয়।
এতে অনেক শিশু মারা যায়। লিভারে বি ভাইরাস, সি ভাইরাস এমনকি ক্যানসার পর্যন্ত হয়। বিশ্ব হেপাটাইটিস দিবসকে সামনে রেখে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের সামনে থেকে ব্রিংগিং হেপাটাইটিস কেয়ার ক্লোজার টু ইউ’ প্রতিপাদ্য নিয়ে এক র্যালি পরবর্তী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, লিভার রোগ প্রতিরোধে বিশুদ্ধ পানি পান, নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও ভ্যাকসিন নেওয়া নিশ্চিত করতে হবে। চিকিৎসার মাধ্যমে শিশুদের আগেভাগে সুস্থ করতে পারলে তারা দীর্ঘায়ু হবে। তাই এ বিষয়ে আমাদের আরও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভারের সব ধরনের রোগের উন্নত চিকিৎসা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় এ বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হবে সেখানে লিভার রোগের সর্বাধুনিক চিকিৎসাসেবার সঙ্গে সঙ্গে বিশ্বমানের লিভার ট্রান্সপ্ল্যান্টেরও ব্যবস্থা থাকবে। এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে র্যালি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন অংশে প্রদক্ষিণ করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, প্যাডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রোকুনুজ্জামান, শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু, প্যাডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ওয়াহিদুজ্জামান মজুমদার, সহযোগী অধ্যাপক ডা. ফাহমিদা বেগম, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপ-রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন প্রমুখ। র্যালি শেষে প্যাডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন বিভাগের উদ্যোগে একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।
