আলো ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আমান আলী (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কুশমাইল ইউনিয়নের মাঝিপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আমান আলী ওই এলাকার সাহাব আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে আকাশি বাগানে আমান আলীর গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের বরাত দিয়ে ফুলবাড়িয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আমান আলী নেশাগ্রস্ত ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
এ ছাড়া একটি চুরির মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যার পর লাশ বাগানে ফেলে চলে যায়। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
