আলো ডেস্ক: বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহতের ঘটনায় বাসচালক মো. মশিউর রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার সকালে নগরীর রূপাতলী র্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। মো. মশিউর রহমান বাগেরহাটের গোটাপাড়া এলাকার ইফসুফ আলীর ছেলে।
র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম জানা, গত ২১ জুলাই সকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে পদ্মা সেতু দেখতে একটি মাইক্রোবাসে করে ১০ জন রওনা হন। তারা ঢাকা-বরিশাল সড়কের নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের একটি বাস ওই মাইক্রোকে চাপা দেয়।
এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে একজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
মেজর জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় মাইক্রোচালক গুরুতর আহত আছর উদ্দিন সরকারের ছেলে মো. সাব্বির বাদী হয়ে উজিরপুর থানায় মামলা করেন। দুর্ঘটনার পর চালক মশিউর আত্মগোপনে চলে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান জেনে গত রোববার রাতে তাকে বরগুনা বাসস্ট্যান্ড এলাকা তাকে গ্রেপ্তার করে। পরে তাকে গৌরনদী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।
