আলো ডেস্ক: ঢাকা বিভাগের ১৩ জেলার চার হাজার ৮৩টি ভ‚মি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর উপহার দেওয়া হবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এ গৃহ হস্তান্তরের কার্যক্রমের উদ্বোধন করবেন। গতকল বুধবার ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা বিভাগের ১৩ টি জেলায় চার হাজার ৮৩ টি ভ‚মি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। এর আগে ঢাকা বিভাগে মোট ২০ হাজার ৫৯৫টি পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হয়। বিভাগীয় কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগুন লালিত স্বপ্ন ছিল বাংলার নিঃস্ব মানুষের মুখে হাসি ফোটানো।
বঙ্গবন্ধু ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার চরগোড়াগাছা গ্রাম পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের জন্য প্রথম গৃহ নির্মাণের নির্দেশ প্রদান করেন। আগামীকাল দেশব্যাপী তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে জাতির পিতার এই স্বপ্ন পূরণের লক্ষ্য প্রধানমন্ত্রী ২৬ হাজার ২২৯ টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, এ মহৎ উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে এ বিভাগের তালিকাভুক্ত অবশিষ্ট ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহ নির্মাণ করে উপহার হিসেবে দেওয়া হবে। যার ফলে ঢাকা বিভাগের একটি পরিবারও আর গৃহহীন থাকবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. হেলাল মাহমুদ শরীফ ও ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রমুখ।
