আলো ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় সরকারি সম্পত্তিতে থাকা সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি উলানিয়া বন্দরে চান্দিভিটার জমি এক বছর মেয়াদি বন্দোবস্ত নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দ্বিতল ভবন নির্মাণ করে বসবাস করে আসছেন। সরকারি জমি থেকে তার স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দিলেও কোনো পদক্ষেপ নেননি।
তাই গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বলেন, পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উলানিয়া বাজারের ১৫-২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এতে প্রায় ৩০ শতক সরকারি জমি দখলমুক্ত হয়েছে। গোলাম মাওলা রনি বলেন, এটা মূলত আমার বাবার বাড়ি। ১৯৬০ সাল থেকে আমরা এখানে বসবাস করছি। এ সংশ্লিষ্ট বিষয়ে হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়েছে। এরপরও কীভাবে তারা আমার ঘরবাড়ি উচ্ছেদ করেছে তা জানি না। বুধবার আদালতকে বিষয়টি জানাবো।
