আলো ডেস্ক: নেত্রকোনার বারহাট্টায় বিশনাই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুড়া গ্রামের নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো, দক্ষিণ ডেমুড়া গ্রামের নদীপাড়ের নয়াবাড়ির জিল্লা মিয়ার ছেলে হাসান (৬) ও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের রঙ্গু মিয়ার মেয়ে চাঁদ মনি (৭)।
চাঁদ মনি সম্পর্কে হাসানের ফুপাতো বোন। সে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসেছিল। এলাকাবাসী জানান, হাসান ও চাঁদ মনি গতকাল মঙ্গলবার সকালে বিশনাই নদীতে গোসলে যায়। অনেকক্ষণ তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে নদী থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বারহাট্টা থানার ওসি লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
