আলো ডেস্ক: জনগনের কাছ থেকে দেশের মালিকানা ছিনতাই হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, দেশের প্রকৃত মালিক হচ্ছেন জনগণ। তারা যাদের প্রতিনিধি নির্বাচিত করবেন তারাই জনগণের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করবেন। কিন্তু এখন দেশের মালিকানা সাধারণ মানুষের কাছে নেই।
গতকাল মঙ্গলবার দুপুরে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন। এদিন জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও সদ্য নিয়োগ প্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেলকে শুভেচ্ছা জানান জাপা চেয়ারম্যান। অনুষ্ঠানে জিএম কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে যে দল পরাজিত হবে তারা হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন বাস্তবতায় দাঁড়িয়েছে। এজন্য দেশের রাজনৈতিক নেতারাই দায়ী। তিনি বলেন, বিভিন্ন দেশের সরকার পরিবর্তন হয়, আবার শান্তিপূর্ণভাবে সরকার গঠন হয়। আবার সরকারের কেউ পদত্যাগ করলে শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে তা পূরণ হয়। কিন্তু আমাদের দেশের বাস্তবতা ভিন্ন। এখানে নির্বাচন যেন যুদ্ধ, নির্বাচনে পরাজিত হলে তাকে মরতে হবে। জাপা চেয়ারম্যান বলেন, এমন বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ হয়নি। এমন বাংলাদেশের জন্য বীর শহীদরা আত্মত্যাগ করেননি।
এসময় বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাস্তবতা অনেকটাই এক বলে মন্তব্য করেন জিএম কাদের। তিনি বলেন, সরকারের গোয়ার্তুমির ফলে অর্থনৈতিকভাবে অকার্যকর ও অপরিকল্পিত মেগা প্রকল্প গ্রহণ ও সে জন্য নেওয়া বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়েই শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কিছুটা মিল রয়েছে।
অভিযোগ আছে লুটপাটের কারণে মেগা প্রকল্পগুলোতে অনেক বেশি ব্যয় হয়। ফলে, ওই প্রকল্পের আয় দিয়ে ঋণ শোধ করা অসম্ভব হয়ে পড়তে পারে। কিন্তু যখন সুদসহ ঋণ পরিশোধ করতে হবে, তখন দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ রূপ পেতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের।
