আলো ডেস্ক: কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত আজ মঙ্গলবার বেলা ১১টায় শপথ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করাবেন। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে কুসিকের নবনির্বাচিত মেয়র শপথ নেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কুসিকের প্রধান নির্বাহী শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথগ্রহণ হবে। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা-১ এর উপসচিব শামসুল ইসলাম আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত প্রথমবারের মতো কুসিকের মেয়র নির্বাচিত হন। কুসিকে মেয়র ছাড়াও ২৭ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনে নয়জন মহিলা কাউন্সিলর রয়েছেন।
